ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের দরি চারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় গাছের সঙ্গে বেঁধে এক অজ্ঞাত যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে, বুধবার (২০ মে) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয় বাসিন্দা হৃদয় শাহ ভিটার জঙ্গলে গেলে গাছের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে প্যান্ট ছিল এবং বাম হাতে একটি ঘড়ি পাওয়া গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, এর আগেও কয়েক বছর আগে একই এলাকায় আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
/এসএকে