রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া আট বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ

2026-05-21T16:38:35+00:00
2026-05-21T16:38:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৩৮ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া আট বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করা হবে, যাতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান সরকার গঠনের পর ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো যেসব অপরাধমূলক ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিটিতেই পুলিশ সফলভাবে কাজ করেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর আসামি ইতিমধ্যেই আদালতে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে—এমন ঢালাও দাবি সবসময় সঠিক নয়। অনেক সময় বিচার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়, কারণ এটি সম্পূর্ণ আদালতের বিষয়। তবে রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবই করার চেষ্টা করছে।’

সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে, যা আমরা স্বীকার করি। তবে আমাদের বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। তাই দীর্ঘমেয়াদি ও বড় সিদ্ধান্ত নিতে কিছুটা সময়ের প্রয়োজন। আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে সংশোধন আনতে হবে। তবে আমাদের এটিও লক্ষ্য রাখতে হবে যে, খুব দ্রুত বিচার করতে গিয়ে যেন কোনো অবিচার না হয়ে যায়। জনগণের ক্ষোভ মেটাতে সাময়িকভাবে তাড়াহুড়ো করে আইন প্রণয়ন করা সবসময় শুভ ফল দেয় না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে এই ঘটনার প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলাকেটে হত্যার দায় স্বীকার করে আদালতে নিজের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: