পারিবারিক বিরোধের জেরে ঢাকার আশুলিয়ায় স্ত্রী সীমা আক্তারকে জবাই করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মো. রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার অতিরিক্ত দায়রা জজ-৭ম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিন রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৮ বছরের এক মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় থাকতো রেজাউল এবং তার স্ত্রী সিমা আক্তার। সিমা গার্মেন্টসে চাকুরী করতো। তবে রেজাউল কোনো কাজ করতো না। কাজের কথা বললে তাকে মারধর করতো রেজাউল। ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোর ৫ টার দিকে এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। রেজাউল সিমাকে মাথায় আঘাত ও জবাই করে হত্যা করে।
পালানোর সময় বাড়ির মালিক আফাজ উদ্দিনের সহায়তায় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সীমা আক্তারের বাবা জাহিদুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় রেজাউল। পরে অবশ্য তিনি জামিনে বেরিয়ে পলাতক হন।
মামলাটি তদন্ত করে আশুলিয়া থানার ওমর ফারুক ওই বছরের ৩১ অগাষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৭ সালের ১১ জানুয়ারী আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আরবিএন