রাজধানীর মিরপুরে ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন কবির নামের এক ব্যবসায়ীকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করে তুহিনকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ব্যবসায়ী কবির ও তার শ্যালক ভ্যানগাড়িতে করে কাপড় বিক্রি করছিলেন। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে।
এই হামলার সময় রবার বুলেটের আঘাতে ব্যবসায়ী কবির রাস্তায় লুটিয়ে পড়লে আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এর কিছুক্ষণ পরেই একই এলাকায় কাপড় গোছানোর সময় কবিরের শ্যালকের ওপরও নির্বিচারে গুলি চালানো হয়। এতে একটি গুলি তার বাম পায়ে লাগলে তিনি রক্তাক্ত জখম হন এবং তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে তার দুটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
পরবর্তীতে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দীর্ঘ চিকিৎসার পর ভুক্তভোগী ব্যবসায়ী কবির বাদী হয়ে ২০২৫ সালের ২৫ জানুয়ারি মিরপুর মডেল থানায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। এর আগে গত বছরের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তখন থেকেই তিনি অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন।
সময়ের আলো/টিএইচ