মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা শুরু হয়েছে। এই সরকারের সময় মাত্র তিন মাস হয়েছে। সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক সফলতা আছে। আমাদের ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ এ দেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পরিবারপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, আজ আমরা কালকিনি পৌরসভার দুটি ওয়ার্ডে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলাম। গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ যেভাবে রোজার ঈদ সুন্দরভাবে পালন করেছে, তেমনি কোরবানির ঈদও যেন অসহায় মানুষ ভালোভাবে পালন করতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদার, সামিম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরবিএন