আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরায় হাট বাজার ও খামারগুলিতে গরু ছাগল বিক্রি জমে উঠেছে। জেলার ৭ উপজেলায় চলতি মৌসুমে কুরবানির জন্য প্রায় ১ লাখ ২০ হাজার গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। এসব প্রস্তুতকৃত পশুর বিপরীতে জেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৮২ হাজার।
এতে চাহিদার তুলনায় জেলায় প্রায় ১৮ হাজার গবাদি পশু বেশি থাকার পরিসংখ্যান তুলে ধরেছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
ঈদের আর মাত্র সপ্তাহ খানেক বাকি রয়েছে। ভালো দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে সাতক্ষীরায় খামার গুলোতে কুরবানির পশু লালন পালনে প্রাণান্ত পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা। ভারতীয় গরু প্রবেশ খুবই সীমিত থাকায় গত বছর স্থানীয় খামারিরা ভালো লাভবান হয়েছে।
কোরবানির ঈদ উপলক্ষ্যে ভালো দাম পাওয়ার আশায় এ বছর অনেকেই নতুন উদ্যমে বাণিজ্যিকভাবে গবাদি পশু পালন করছেন। অনেক খামারি ইতোমধ্যে খামার থেকে গবাদি পশু বিক্রি শুরু করেছেন।
এবার জেলার বেশিরভাগ ক্রেতা হাটের পরিবর্তে গ্রামের খামার থেকে গরু ছাগল কিনতে মাঠে নেমেছেন। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ক্রেতারা পছন্দের গরু ছাগল কিনে ঈদের আগের দিন কিংবা ঈদের সকাল পর্যন্ত খামারেই রেখে যাচ্ছেন। ক্রেতাদের জন্য গরুর খাবার ও দেখভালের দায়িত্বও নিচ্ছেন খামারিরা।
এমন বিশেষ সুবিধার কারণে ক্রেতাদের আগ্রহও বাড়ছে গ্রামের খামারগুলোর দিকে। আবার কেউ কেউ সঙ্গে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে হাট থেকে গরু ছাগল কিনছেন। তবে হাটগুলো এখনো তেমন জমে উঠেনি।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সাতক্ষীরার ১২ হাজার ৮৯৪টি খামারে কোরবানির জন্য একলাখ ২০ হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরুর সংখ্যা ৪৯ হাজারের বেশি, ছাগল ৪৪ হাজার এবং ভেড়া রয়েছে ৬ হাজার। গত বছরের তুলনায় এবার পশুর উৎপাদন ২ থেকে ৩ শতাংশ বেড়েছে।
জানা গেছে, এখন থেকে গরু-ছাগলের বাজার কুরবানীর পশুর চাহিদা বাড়বে। গরুর খাদ্যের তালিকায় খামারীরা প্রাকৃতিক ঘাসের পাশাপাশি খৈল, গমেরভূষি, ধানেরকুঁড়া এবং নিজেদের তৈরি দানাদার খাবার খাইয়ে পশু মোটাতাজা করছেন।
ব্যস্ত খামারীরা পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন ও চিকিৎসা সেবাও নিশ্চিত করছেন। তবে গবাদিপশু পালন করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন খামারীরা। বিশেষ করে গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। খাদ্যের দাম বাড়ায় এবার গবাদিপশু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। এতে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কিত খামারীরা।
তালা উপজেলার খামারি শামীম সরদার জানান, গমের ভুসি, ভুট্টা ও সয়াবিন খৈলসহ সব ধরনের পশুখাদ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। ফলে পশুর দাম আশানুরূপ না হলে লোকসানের মুখে পড়তে হবে। একই কথা জানান পাটকেলঘাটার খামারি প্রভাষ ঘোষ। তার খামারে বড় আকারের দুটি গরু রয়েছে, যেগুলোর দাম ধরেছেন ৮ লাখ টাকা। বাজারে বড় গরুর ক্রেতা পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি অনিশ্চয়তায় আছেন।
অনিশ্চয়তার মধ্যেও অনেক খামারি দেশি পদ্ধতিতে গরু লালন-পালন করেন লাভের আশা করছেন। বকচরা গ্রামের খামারি আব্দুল আজিজ জানান, তার খামরের ১০টি গরুকে দেশি ঘাস ও প্রাকৃতিক খাবার দিয়ে বড় করছেন। এতে খরচ কিছুটা কম হওয়ায় তিনি লাভের আশা করছেন।
স্থানীয় খামারী আলমগীর বলেন, গত বছর ভারতীয় গরু না আসায় দেশীয় খামারিরা ভালো দাম পেয়েছিল। সেই আশা নিয়েই এবার বেশি করে কুরবানির পশু লালন-পালন হয়েছে। বাজারে কুরবানির পশুর ন্যায্যমূল্য পেলে খামারীরা লাভবান হবে বরে তিনি আশা করছেন।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর বলেন, জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত আছে। জেলার সাতটি উপজেলায় মোট ৮২ হাজার পশুর চাহিদার বিপরীতে এবার মজুদ আছে এক লাখের বেশি। প্রায় ১৮ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধ থাকায় এবার দেশি খামারিরা ভালো বাজার পাবেন বলে আশা করছি। অবৈধ পথে গরু আসা রোধে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশি পশুর উৎপাদন বাড়ায় এখন কোরবানির জন্য বিদেশি পশুর ওপর নির্ভরতা অনেকটাই কমেছে। এটি গ্রামীণ অর্থনীতির জন্য ইতিবাচক হলেও পশুখাদ্যের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে ক্ষুদ্র খামারিরা নিরুৎসাহিত হতে পারেন।
সময়ের আলো/জেডি