চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালনকারী এক আনসার সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনসার সদস্য শাহ মনিরকে ইয়াবাসহ আটক করেছে কচুয়া থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে কচুয়া পৌরসভার কড়ইয়া মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শাহ মনির লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ি এলাকার শাহ আলম ও নয়ন বেগমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেলে ইউএনও কার্যালয়ে দায়িত্ব পালন শেষে শাহ মনির কড়ইয়া মাছের আড়তে যান। সেখানে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কচুয়া থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার আটককৃত ওই আনসার সদস্যকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে প্রশাসনের নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তির কাছেই মাদক পাওয়া যায়, সেখানে সমাজ থেকে মাদক নির্মূল কতটা সম্ভব? সচেতন মহল বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দায়িত্বশীলদের আরও সতর্ক ও জবাবদিহিমূলক হতে হবে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরবিএন