রাজধানীর কদমতলীর দনিয়ায় স্কুলের চাপে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রাইট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মারধরে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ হাসান লিটন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টার দিকে আহত অবস্থায় মাসুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে মো. পারভেজ নামে এক শিক্ষার্থী জানান, গতকাল সুকন্যা নামে স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই অভিভাবক ও স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলটি অবরোধ করে এবং স্কুলের চেয়ারম্যান ও অধ্যক্ষ মাসুদ হাসানকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে দুপুরের পর মাসুদ হাসানকে মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল হাসান জানান, সকালে দনিয়ার ওই স্কুলে অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে বিকালের দিকে স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসানকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরবিএন