প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:০২ পিএম
ছবি : সংগৃহীতঢাকার মুগদা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম মিয়া হত্যা মামলায় প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই এনামুল হক মিঠু আসামি হাসনা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড এবং আব্দুল মতিনকে কারাগারে আটক রাখার আবেদন কর।
আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসমির জবানবন্দি রেকর্ড করেন। এরপর হাসনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার আব্দুল মতিন দেওয়ান ওরফে এ আর দেওয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ।
এর আগে নরসিংদী থেকে বুধবার হাসনাকে এবং ঢাকার যাত্রাবাড়ির শনিরআখড়া এলাকা থেকে আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার হাসনার বান্ধবী হেলেনা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর হেলেনার মেয়ে হালিমা আক্তার কিশোরী হওয়ায় তাকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
প্রসঙ্গত, মোকাররম মিয়া নামে ৩৮ বছর বয়সী সেই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহরে। গত রোববার মুগদার মান্ডা থেকে কয়েক টুকরা লাশ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় মোকাররমের চাচা রফিকুল ইসলাম গত সোমবার মুগদা থানায় মামলা করেন।
সময়ের আলো/আআ