কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত কৃষিভিত্তিক অ্যাপ তৈরি করেছেন বাকৃবির একদল গবেষক। ছবি : সময়ের আলো
কৃষিকাজের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হয় বাংলাদেশের কৃষকদের। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা অনেক সময় কাঙ্ক্ষিত পরামর্শ ও কার্যকর সমাধান থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত কৃষিভিত্তিক অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। অ্যাপটির নাম দেওয়া হয়েছে বিডি ফার্মমেট -এআই (BDFarmMate-AI)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘ইম্প্রভিং কম্পিউটার এন্ড সফটওয়্যার ইন্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ শীর্ষক দুই বছর মেয়াদী প্রকল্পের আওতায় এই অ্যাপটি তৈরি করা হয়েছে। প্রকল্পের কার্যক্রম এ বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পের আওতায় একটি সম্পূর্ণ কার্যকর Android ও ওয়েবভিত্তিক AI প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানান গবেষকেরা।
কৃষি-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে এই অ্যাপে।
জানা যায়, প্রকল্পটির প্রধান গবেষক হিসেবে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান। সহযোগী গবেষক হিসেবে আছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন, বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাক জিন কিম। প্রকল্পটির অর্থায়ন করেছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রান্ট (আরডিজি)।
গবেষকরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজ এখন আরও সহজ, লাভজনক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে শিক্ষিত তরুণরাও কৃষিকে পেশা হিসেবে গ্রহণে আগ্রহী হচ্ছেন। প্রযুক্তির ব্যবহার উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন ও ফসলের গুণগত মান বাড়াতে সহায়তা করছে।
অধ্যাপক ড. মো. রাকিব হাসান বলেন, ‘এ ধরনের অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ফসলের রোগ নির্ণয়, সঠিক সার ব্যবস্থাপনা, আবহাওয়ার আপডেট এবং কৃষি-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাবেন।’
তিনি আরও বলেন, ‘BDFarmMate-AI কৃষক ও কৃষি-সংশ্লিষ্ট অংশীজনদের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে। এর মধ্যে রয়েছে ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ সহায়তার সীমিত সুযোগ, দুর্বল বাজার সংযোগ, নির্ভরযোগ্য কৃষি উপকরণ ও সেবা-সংক্রান্ত তথ্যের অভাব, অংশীজনদের মধ্যে বিচ্ছিন্ন যোগাযোগ এবং ফসল ব্যবস্থাপনা ও মূল্য পূর্বাভাসের জন্য সমন্বিত AI-সহায়ক টুলের অনুপস্থিতি।’
প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের আয়োজনে সম্প্রতি ধানচাষিদের জন্য উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড মো আব্দুল মজিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রদান মো. সাইদ ইফতেখার ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ময়মনসিংহ অঞ্চলের ধানচাষীরা।