রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে কেবল দেশের প্রচলিত আইন ভঙ্গ নয়, বরং সামগ্রিক মানবতার ওপর এক নির্মম আঘাত হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার এই বক্তব্যটি মুহূর্তের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!’ তিনি আরও উল্লেখ করেন, এই জঘন্য অপরাধের বিচার পাওয়া কেবল কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি এখন গোটা মানবতার দাবি। দেশের ভবিষ্যৎ শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে এই চরম নির্মমতার দ্রুততম বিচার এবং অপরাধীর কঠোরতম শাস্তি দেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে তিনি মনে করেন।
বর্বর এই অপরাধের স্থায়ী সমাধান নিয়ে পোস্টের শেষাংশে বিশিষ্ট এই ইসলামি বক্তা মন্তব্য করেন, ‘কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।’ তার এই প্রতিক্রিয়া প্রকাশের পর লাখ লাখ অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
দেশের সচেতন নাগরিক ও ধর্মপ্রাণ মানুষ শিশু নির্যাতন ও হত্যার মতো লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষী সোহেল রানার দ্রুত ফাঁসি কার্যকর করার জোরালো দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশুদের বিরুদ্ধে এমন সহিংস ও নিষ্ঠুর অপরাধের ঘটনা জনমনে চরম নিরাপত্তাহীনতা ও গভীর উদ্বেগ তৈরি করেছে। এই ধরনের ঘটনা সমাজ ও রাষ্ট্রের বিবেককে বড় ধরনের নাড়া দেয়।
সচেতন মহল মনে করছে, শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও সমাজ গড়ে তুলতে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক, নৈতিক ও পারিবারিক ধর্মীয় মূল্যবোধ জোরদার করা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
সময়ের আলো/টিএইচ