রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদুল আযহার কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এরপর দরগাপাড়া এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব বিতরণ করেন।
উদ্বোধনকালে প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।
/মহু