চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
সভায় সদর আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো. আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সদর আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানান।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১ থেকে ৮ নম্বর পদ্মা বাঁধে কারা মাটি কাটছে তা প্রশাসন ও আমরা সবাই জানি, তারপরও প্রশাসন কেন চুপ রয়েছে? রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই সভায় উপস্থিত থাকেন না এবং তার নির্দেশেই সেখানে মাটি কাটার মহোৎসব চলছে। এই বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানো হবে এবং জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায় এটি প্রতিরোধে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত হয়।
এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা বজায় রাখার পাশাপাশি কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। একই সাথে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
সময়ের আলো/জেডি