ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আরও একবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন জার্মান ফুটবলের অতন্দ্র প্রহরী ম্যানুয়েল নয়ার। দুই বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি গোলরক্ষক ৪০ বছর বয়সে এসে আবারও গ্লাভস হাতে তুলে নিচ্ছেন।
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন, তার সবচেয়ে বড় চমক এই মহাতারকার অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোর পর্দা নামার সঙ্গে সঙ্গেই কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপের দামামা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের জন্য কোচ নাগেলসম্যান তার রণকৌশল সাজিয়েছেন কিছু সাহসী সিদ্ধান্ত এবং বড় বড় তারকাদের বাদ দিয়ে। তবে সব আলোচনাকে ছাপিয়ে এখন পাদপ্রদীপের আলোয় শুধুই ম্যানুয়েল নয়ার।
২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির ব্যর্থ অভিযানের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রেখেছিলেন নয়ার, মনোযোগ দিয়েছিলেন কেবল ক্লাব ফুটবলে। কিন্তু দেশের প্রয়োজনে, ক্যারিয়ারের শেষ একটি টুর্নামেন্টে জার্মানির জাল অক্ষত রাখার গুরুদায়িত্ব নিতে আবারও সাড়া দিয়েছেন এই প্রাচীর। এটি হতে যাচ্ছে নয়ারের পঞ্চম বিশ্বকাপ।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় যার পথচলা শুরু হয়েছিল, ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালসহ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে জার্মানিকে বিশ্বসেরা করতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। ৪০ বছর বয়সে এসেও তিনি নাগেলসম্যানের দলের অন্যতম বড় ভরসা।
নয়ারের ফেরার পাশাপাশি জার্মান দলে আরও কিছু বড় চমক রয়েছে। সাবেক ম্যানচেস্টার সিটি ও বর্তমান গালাতাসারাই উইঙ্গার লেরয় সানে জাতীয় দলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক না হলেও তার ওপর আস্থা রেখেছেন কোচ। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৭ গোল করা সানের অন্তর্ভুক্তি কিছুটা চমকপ্রদই বটে।
তবে ভাগ্য খোলেনি বেশ কিছু নিয়মিত পারফর্মারের। পুরো মৌসুমে গড়পড়তা পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে বোরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড করিম আদেইয়েমিকে। বায়ার্নের সাবেক এই তারকা লিগে মাত্র ৬ গোল করায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।
বাদ পড়েছেন লিডস ইউনাইটেডের আন্তন স্টাখও, গত মার্চেই যিনি দলে ছিলেন। স্টুটগার্টের হয়ে নজরকাড়া খেলা উইঙ্গার ক্রিস ফুহরিচকে দলে না রাখাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে, যিনি সুপার-সাব হিসেবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে বড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাধ্য হয়েই সার্জ নাব্রিকে ছাড়াই দল সাজাতে হয়েছে নাগেলসম্যানকে।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল।
ডিফেন্ডার : জশুয়া কিমিচ (অধিনায়ক), আন্তোনিও রুডিগার (সহ-অধিনায়ক), ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, ডেভিড রাউম, নিকো শ্লটারবেক, জোনাথন তা, মালিক থিয়াও।
মিডফিল্ডার : নাদিয়েম আমিরি, লেয়ন গোরেটস্কা, প্যাসকাল গ্রস, জেমি লেভেলিং, লেনকার্ট কার্ল, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ।
ফরোয়ার্ড : কাই হাভার্টজ, লেরয় সানে, ম্যাক্সিমিলিয়ান বায়ার, ডেনিস উন্দাভ, নিক ভোল্টমেড।
/কেএইচও