বিসিবি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের নেতৃত্ব কার হাতে যাবে, সেই প্রশ্নের উত্তর মিলতে খুব বেশি দেরি নেই আর। আগামী ৭ জুন

2026-05-22T01:35:22+00:00
2026-05-22T01:35:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিসিবি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩৫ এএম 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের নেতৃত্ব কার হাতে যাবে, সেই প্রশ্নের উত্তর মিলতে খুব বেশি দেরি নেই আর। আগামী ৭ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন। নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি, চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ব্যস্ততা। 

তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচনের এই লড়াইয়ে ক্যাটাগরি-১ ও ২ এ প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও ক্যাটাগরি-৩ এ এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী ফরম তুলেছেন ও জমা দিয়েছেন। তবে যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কাউকে নির্বাচিত বলতে নারাজ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চিফ ইলেকশন কমিশন তাকে রিটার্নিং অফিসার এবং আরও তিনজনকে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, আগামী ৭ জুন এখানে বিসিবির নির্বাচন হবে। আপনারা জানেন, তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবে। ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়ন ফরম বিক্রি, জমা নেওয়া এবং যাচাই-বাছাইয়ের সব কাজ শেষ করে আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। 

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন এবং ফরম কেনার শেষ দিন। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় আগামীকাল বিকাল পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

পরিসংখ্যান তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) পর্যন্ত ক্যাটাগরি-১ এ ১৯টি, ক্যাটাগরি-২ এ ১৯টি এবং ক্যাটাগরি-৩ এ একটি ফরম বিক্রি হয়েছে। আর জমা পড়েছে ক্যাটাগরি-১ এ ৮টি, ক্যাটাগরি-২ এ ১৪টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন দেবে আরও দুজনকে। সব মিলিয়ে গঠিত হবে নতুন বোর্ড।

ক্যাটাগরি-৩ এ একজনই ফরম তুলেছেন এবং জমা দিয়েছেন কি না, এমন প্রশ্নে সরাসরি কোনো নাম প্রকাশ করতে চাননি রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, এখন পর্যন্ত তাই। তবে আমরা এখনই কোনো নাম বলছি না। এখনও যাচাই-বাছাই বাকি আছে। অনেক প্রসিডিউর বাকি রয়েছে।

ভোটার তালিকায় কয়েকটি জেলার কাউন্সিলর না থাকার কারণও ব্যাখ্যা করেন তিনি। জানান, নির্ধারিত সময়ের পরে কাগজ জমা দেওয়ায় তাদের আবেদন গ্রহণ করা হয়নি। তার ভাষ্য, ডেডলাইনের পরে অনেকেই সাবমিট করেছে। আমরা ডেডলাইনের সময়টা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখি।

পরে তাদের আপিল করার সুযোগও ছিল, কিন্তু তারা আর করেনি। এ জন্যই সেগুলো গ্রহণ করা হয়নি। সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি।

এদিকে নির্বাচনের আগেই আলোচনার কেন্দ্রে আছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার তিনি নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন। 

তামিম বলেন, ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওভাবে তাদের সঙ্গে মিশতে হবে, তাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার ভাবনা ও পরিকল্পনা কী।

নির্বাচনি কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখার কথাও জানান তিনি, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনি কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোনো চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।

তামিমের প্রত্যাশা, এবারের নির্বাচন হবে উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার ভাষ্য- আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।

/কেএইচও


  বিষয়:   বিসিবি  নির্বাচন  উত্তাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: