পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে নড়াইলের ঐতিহ্যবাহী শিঙ্গেশোলপুর কামারপাড়াগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত চলছে লোহা পেটানোর কাজ। কয়লার আগুনে পুড়ছে লোহা, আর হাতুড়ির সজোর আঘাতে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি ও চাপাতি। দম ফেলার ফুরসত নেই এ শিল্পের কারিগরদের, নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত এক করে কাজ করছেন স্থানীয় কামার শিল্পীরা।
কোরবানির পশু জবাই এবং মাংস কাটার প্রধান হাতিয়ার তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সময়মতো ক্রেতাসাধারণের হাতে তাদের পছন্দের দা, বঁটি, ছুরি ও চাপাতি পৌঁছে দিতেই এই নিরলস প্রচেষ্টা। শুধু নতুন সরঞ্জাম তৈরিই নয়, পুরনোগুলোতে শান দেওয়ার জন্যও অনেকে ভিড় করছেন কামারশালাগুলোতে।
শিঙ্গেশোলপুর কামারপাড়ায় দা-ছুরি কিনতে আসা মো. মামুন হোসেন নামের এক ক্রেতা বলেন, আমি এখানে কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য দা, চাপাতিসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছি। এখানকার জিনিসপত্র বেশ টেকসই ও ভালো মানের হয়, এগুলো ব্যবহার করে কাজ করে আরাম পাওয়া যায়।
উৎপাদন খরচ বৃদ্ধি ও কারিগরদের দুশ্চিন্তা
তবে এবারের বাজারের চিত্র কিছুটা ভিন্ন। জ্বালানি কয়লা, ইস্পাত আর কাঁচা লোহার চড়া দামের কারণে এবার তৈরি পণ্যের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। কামার শিল্পী সন্তোষ কর্মকার বলেন, লোহা আর কয়লার দাম যেভাবে বেড়েছে, তাতে আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তারপরও বছরের এই একটা সময়ে ভালো বিক্রির আশায় আমরা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি, শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত লাভ করতে পারব।
কামার শিল্পের এই তীব্র ব্যস্ততাকে গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে নানা সংকটে থাকা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে এলাকার বিখ্যাত জারি শিল্পী রওশন বয়াতি বলেন, এই কামার শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতি আর কোরবানি ঈদের একটা বড় ঐতিহ্য। কিন্তু লোহা ও কয়লার লাগামহীন দামের কারণে কারিগররা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। এই দেশীয় ঐতিহ্য ও শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা, সহজ শর্তে ঋণ এবং নজরদারি অত্যন্ত প্রয়োজন।
সব মিলিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নড়াইলের শিঙ্গেশোলপুর কামারপাড়ার টুংটাং শব্দ আর আগুনের স্ফুলিঙ্গ জানান দিচ্ছে কোরবানির ঈদের আগমনী বার্তা।
সময়ের আলো/জোই