মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব বেইজিংয়ে বৈঠকে বসতে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন। এই সফরে তিনি বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (২১ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে চীন পাকিস্তানের সঙ্গে যৌথভাবে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ মধ্যস্থতামূলক উদ্যোগকে বেইজিং পূর্ণ সমর্থন দেয়।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানকে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি তেহরান সফর করেছেন।
এর মধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন সফর করে গেছেন। একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেইজিং সফর করেন।
সব মিলিয়ে বড় শক্তিগুলোর এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নজরদারি শুরু হয়েছে।
আরবিএন