আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে চট্টগ্রামে জমে উঠেছে গরু ও মহিষের বাজার। এরই মধ্যে চট্টগ্রামের মইজ্জারটেক পশুর হাটে আলোচনার কেন্দ্রে থাকা বিশাল আকৃতির গরু ‘আদর’ ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ‘আদর’সহ আরও প্রায় ৭০টি গরু বাজারে বিক্রির জন্য আনেন খামারি আব্দুল কাদের ও তার পার্টনার কাওসার।
আব্দুল কাদের জানান, ১১ বছর আগে মাত্র ৫টি গরু দিয়ে তার খামারের যাত্রা শুরু হয়। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ১৫০টি গরু।
এ খামারি বলেন, ‘বিশাল আকৃতির কারণে বাজারে আনার পর থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ে ‘আদর’। অনেকে ‘আদরের’ সঙ্গে ছবি তোলেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তারপর বৃহস্পতিবার রাতে ১০ লাখ টাকায় বিক্রি হয় গরুটি।’
/মহু