হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক রূপ পেতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার (২০ মে) ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ প্যারিসে ব্লু মবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সঠিকভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সম্পদ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, এতে খরচ হবে, তাই যারা এই পথ ব্যবহার করে সুবিধা নেয়, তাদেরও এর অংশ বহন করতে হবে। একই সঙ্গে তিনি জানান, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এই পথ খোলা ও মুক্ত থাকতে হবে এবং কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয়। অন্যদিকে, এ বিষয়ে ওমান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর ফলে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়া অ্যালুমিনিয়াম, সারসহ বিভিন্ন পণ্যও এই রুটে পরিবহন করা হয়।
আরবিএন