কোরবানির ফজিলত, বিধান ও পদ্ধতি

মাওলানা মিজানুর রহমান

ইসলাম

কোরবানিআরবি শব্দ। এর বাংলা অর্থ আত্মত্যাগ, সান্নিধ্য। অর্থাৎ পরম করুণাময়ের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট তারিখে সামর্থ্যবান মুসলমানের হালাল উপায়ে অর্জিত

2026-05-22T17:01:55+00:00
2026-05-22T17:07:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
কোরবানির ফজিলত, বিধান ও পদ্ধতি
মাওলানা মিজানুর রহমান
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৫:০৭ পিএম
সামর্থ্যবান মুসলমানের জন্য কুরবানি করা ওয়াজিব। ছবি : সংগৃহীত
কোরবানি আরবি শব্দ। এর বাংলা অর্থ আত্মত্যাগ, সান্নিধ্য। অর্থাৎ পরম করুণাময়ের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট তারিখে সামর্থ্যবান মুসলমানের হালাল উপায়ে অর্জিত হালাল ও বলবান পশু আল্লাহর নামে জবাই করা। 

আজ থেকে চার হাজার বছর আগে পবিত্র মক্কা নগরীর মিনা প্রান্তরে অশীতিপর আল্লাহপ্রেমিক ইবরাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে বিসর্জন দিতে উদ্যত হয়েছিলেন আল্লাহর নির্দেশ পালনে। পিতা-পুত্রের অভূতপূর্ব আত্মনিবেদনে সন্তুষ্ট হয়ে আল্লাহ ফেরেশতা মারফত দুম্বা পাঠিয়ে দেন এবং সেটা জবাই করা হয়। 

সে ধারাবাহিকতা আজও মুসলিম উম্মাহ আত্মত্যাগের প্রতীক হিসেবে জারি রেখেছে পশু কোরবানির রীতি। সামর্থ্যবান মুসলমানের জন্য কুরবানি করা ওয়াজিব।

পবিত্র কুরআনে এসেছে, ‘আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন।’ (সুরা কাউসার : ২-৩)

কোরবানি করবেন যারা
ইসলামে ‘সাহেবে নিসাব’ (সম্পদশালী) মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব। ‘সাহেবে নিসাব’ অর্থ প্রয়োজনের অতিরিক্ত ৭.৫ (সাড়ে সাত) ভরি স্বর্ণ কিংবা ৫২.৫ (সাড়ে বায়ান্ন) তোলা রুপা কিংবা সমমূল্যমান সম্পদের অধিকারী। কোরবানির দিনগুলোতে কেউ এ পরিমাণ সম্পদের মালিক হলে তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে ঘোষিত ৫ মে ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। 

এই দরের ভিত্তিতে, বিশেষত মধ্যম মানের ১৮ ক্যারেট রুপার বাজারমূল্য বিবেচনায় এ বছর যদি কারও কাছে প্রয়োজনের অতিরিক্ত ২ লাখ ৩৫ হাজার ৭২৫ টাকার সমপরিমাণ সম্পদ বা নগদ অর্থ থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে। 

তবে স্বর্ণ ও রুপার বাজারমূল্য প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই ১০ থেকে ১২ জিলহজের মধ্যে যে মূল্য কার্যকর থাকবে, সেই অনুযায়ী কুরবানির নেসাবও নির্ধারিত হবে। তাই ওপরে বর্ণিত পদ্ধতিতে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ সময়ের মধ্যে যে দর ঘোষিত হবে তার ওপর ভিত্তি করে কোরবানি ওয়াজিব হবে।  

কোরবানির আগে নিয়ত যাচাই
কেবল কোরবানি নয়, আমাদের প্রতিটি ইবাদত ও পুণ্যকাজ শুধু আল্লাহ তায়ালা ও তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হতে হবে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘এগুলোর (কোরবানি পশুর) গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া (অন্তরের বিশুদ্ধতা)’ (সুরা হজ : ৩৭)। 

প্রসিদ্ধ হাদিস অনুযায়ী আমলের কর্মফল নিয়তের ওপর নির্ভরশীল এবং এ রকম আরও অনেক হাদিস রয়েছে। যেগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, বিশুদ্ধ নিয়ত ব্যতীত বান্দার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। 

তাই কুরবানিদাতার জন্য সর্বাগ্রে আবশ্যক হচ্ছে বিশুদ্ধ নিয়তে কুরবানি করা। অনেকেই লোক দেখানো, লোকলজ্জা, সম্মান অর্জন, প্রতিযোগিতা, রেওয়াজ, গোশত খাওয়া ইত্যাদি উদ্দেশ্যে কুরবানি করেন। এটা অনুচিত।

কোরবানি করা যায় যেসব দিনে
ঈদুল আজহার নির্ধারিত দিন ১০ জিলহজ। এ দিনেই ঈদের নামাজ পড়া হয় ও পশু কুরবানি করা হয়। তবে কেউ এ দিন কোরবানি করতে না পারলেও সুযোগ রয়েছে। ১০ জিলহজ ঈদুল আজহার দিন ছাড়াও আরও দুদিন কোরবানি করা যাবে।

জিলহজ মাসের ১০ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্তের আগপর্যন্ত কোরবানি করা যাবে। তবে ১২ জিলহজ সূর্যাস্তের পর কোরবানি বৈধ নয়। এমনকি যদি কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ১০ ও ১১ জিলহজ ভ্রমণে থাকে; তারপর ১২ জিলহজ সূর্যাস্তের আগে বাড়ি ফিরে আসে, তবে তার ওপরও কোরবানি করা ওয়াজিব হবে। (ফাতাওয়া আলমগিরি)

কোরবানি উপযুক্ত পশু
কোরবানির জন্য পশুর স্বাস্থ্যগত ও গুণগত কিছু বিষয় বিবেচনা করতে হয়। সব জায়েজ পশু দিয়ে কোরবানি দেওয়া যায় না। কোরবানি জন্য শরিয়ত পশু নির্ধারণ করে দিয়েছে। মোট ছয় প্রকার পশু দিয়ে কোরবানি করা জায়েজ।

সেগুলো হলো- উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল। এগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। 
কোরবানি করার জন্য ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে। অবশ্য ছয় মাসের ভেড়া যদি দেখতে মোটাতাজা হয় এবং এক বছর বয়সের মতো মনে হয়, তা হলে তা দিয়েই কোরবানি করা বৈধ। গরু-মহিষের হতে হবে পূর্ণ দুই বছর। আর উটের পাঁচ বছর পূর্ণ হতে হবে। (হেদায়া : ৪/১০৩)

পশুর যে দোষ থাকলে কোরবানি হবে না
কোরবানির পশু দোষত্রুটিমুক্ত হতে হবে। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না সেগুলো হচ্ছে- ১. দৃষ্টিশক্তি না থাকা। ২. শ্রবণশক্তি না থাকা। ৩. অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া। ৪. এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম। ৫. লেজের বেশিরভাগ অংশ কাটা। ৬. জন্মগতভাবে কান না থাকা। ৭. কানের বেশিরভাগ কাটা। ৮. গোড়াসহ শিং উপড়ে যাওয়া। ৯. পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া। ১০. বেশিরভাগ দাঁত না থাকা। ১১. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া। ১২. ছাগলের দুটি দুধের পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে। (ইবনে মাজাহ : ৩১৪৪)

পশুর যে দোষ থাকলেও কোরবানি হবে
পশুর কিছু ত্রুটি এমন আছে যেগুলো থাকলেও কোরবানি দেওয়ার সুয়োগ রয়েছে। সেগুলো হলো- ১. যেকোনো একটি কান কাটা। ২. গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা। অর্থাৎ কোরবানির পশু বড় ধরনের দোষত্রুটি থেকে মুক্ত হবে। 

রাসুল (সা) বলেছেন, চার ধরনের পশু, যা দিয়ে কোরবানি জায়েজ হবে না- অন্ধ, যেটার অন্ধত্ব স্পষ্ট। রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট। পঙ্গু, যার পশু পাগল, তবে ঘাস-পানি ঠিকমতো খায়। ৩. লেজের কিছু অংশ কাটা, তবে বেশিরভাগ অংশ আছে। ৪. জন্মগতভাবে শিং নেই। 

৫. শিং আছে, তবে ভাঙা। ৬. কান আছে, তবে ছোট। ৭. পশুর একটি পা ভাঙা, তবে তিন পা দিয়ে সে চলতে পারে। ৮. পশুর গায়ে চর্মরোগ। ৯. কিছু দাঁত নেই, তবে বেশিরভাগ আছে। স্বভাবগত এক অন্ডকোষের পশু। ১০. পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম। ১১. পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম। তবে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়া। পশু কেনার সময় এসব বিষয় বিবেচনা করা কর্তব্য।

পশু জবাইয়ের মাসআলা
কোরবানিদাতা নিজ হাতে জবাই করবেন। সম্ভব না হলে জবাইকালে সামনে থাকবেন। মুসলিম ব্যক্তি ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে পশু জবাই করবেন। জবাইকারী অমুসলিম হলে কোরবানি আদায় হবে না এবং গোশত খাওয়া জায়েজ হবে না। যে স্থানে জবাই করা হবে, সেখানে পশুকে কেবলার দিকে মুখ করে সহজভাবে শোয়ানো ও তাড়াতাড়ি জবাই করা মুস্তাহাব। 

জবাইকারী কেবলার দিকে চেহারা করে জবাই করা মুস্তাহাব। পশু কোরবানি করার পর জীবিত বাচ্চা পাওয়া গেলে কোরবানির দিনগুলোর মধ্যে তা কোরবানি করে দিতে হবে বাচ্চার গোশত খাওয়া জায়েজ। ধারালো ছুরি-চাকু দিয়ে জবাই করা মুস্তাহাব। এর বিপরীত মাকরুহ। এক পশুর সামনে আরেক পশু জবাই করা মাকরুহ। জবাই করার পর অঙ্গপ্রতঙ্গের নাড়াচাড়া পুরোপুরি বন্ধ হওয়ার আগে কাটা-ছেঁড়া করা মাকরুহ। 

পশু জবাই করা, গোশত কাটা, চামড়া ছাড়ানো ইত্যাদি কোনোও কাজের পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর গোশত, হাড্ডি, চামড়া তথা পশুর কোনো কিছু দেওয়া জায়েজ নয়। টাকা বা অন্য কোনো কিছু দিয়ে পারিশ্রমিক দেবেন। কোরবানিদাতার জন্য কোরবানি পশুর চামড়া ব্যতীত গোশত, হাড্ডি ইত্যাদি কোনো কিছুই বিক্রি করা জায়েজ নয়।

কোরবানি গোশত বণ্টনের নিয়ম
কোরবানির গোশত বণ্টনের মুস্তাহাব পদ্ধতি হচ্ছে, আহারযোগ্য সবকিছু তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবেন, এক ভাগ পাড়া-পড়শী, আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করবেন এবং এক ভাগ দরিদ্রদের দেবেন। 

আবদুল্লাহ বিন ওমর (রা.)-এর একটি বর্ণনা এমন- এটা আল্লাহ পাক হতে অনুগ্রহ; কোরবানির মাংস পুরোটা নিজেরা খাওয়া যাবে, দরিদ্রদের দান করা যাবে বা পুরোটা উপহার হিসেবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের বিতরণ করা যাবে।

এ ছাড়া ইবনে মাসউদ (রা.) কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির-মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। ইসলামের বিভিন্ন ইমামগণও কুরবানিয় গোশতকে তিন ভাগ করাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন।

/এসএকে


  বিষয়:   কোরবানি  ফজিলত  বিধান  পদ্ধতি  ইসলাম  কোরআন  হাদিস 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: