সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সড়কে একসঙ্গে বিপুল মানুষের চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ। শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়কে বর্তমানে ঘরমুখো প্রায় দেড় কোটি মানুষ যাতায়াত করছে। এর পাশাপাশি কোরবানির জন্য প্রায় এক কোটি পশুর পরিবহনও যুক্ত হচ্ছে। সব মিলিয়ে আড়াই কোটি মানুষের যাতায়াত মাত্র তিন থেকে চার দিনের মধ্যে নির্বিঘ্ন করা একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিছু সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানও নেওয়া হয়েছে। তবে বিদ্যমান অবকাঠামো ও যানবাহনের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তারপরও সবাই সহযোগিতা করলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সড়কে যানবাহনের চাপ সবচেয়ে বেশি। তাই এটিকে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মূল লেন ও সার্ভিস লেন অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাক-প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা ও ঢাকা-রংপুর মহাসড়কের মধ্যে ঢাকা-চট্টগ্রাম সড়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রুটে যানবাহনের চাপ বেশি থাকায় এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, মহাসড়ক উন্নয়নের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার সড়ক ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য। এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব প্রকল্প চলমান মেয়াদের মধ্যে আংশিকভাবে এবং কিছু প্রকল্প পরবর্তী মেয়াদেও বাস্তবায়ন হবে। তবে বড় আকারের প্রস্তুতি নিয়েই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মো. হাবীবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরবিএন