এক যুগের অবসান ঘটতে যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে। বহুদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন পেপ গার্দিওলা। চলতি মৌসুমই হবে সিটির ডাগআউটে তার শেষ অধ্যায়। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচেই শেষবারের মতো ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মাঠে দাঁড়াবেন এই স্প্যানিশ কৌশলী।
তবে কোচের পদ ছাড়লেও ম্যানচেস্টার সিটি গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না গার্দিওলার। নতুন ভূমিকায় তিনি ক্লাবটির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিটি গ্রুপের বিভিন্ন ক্লাবকে টেকনিক্যাল পরামর্শ দেওয়া এবং বিশেষ প্রকল্পে কাজ করবেন।
শুক্রবার (২২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ার দুই দিন পরই আসে গার্দিওলার এই ঘোষণা। ৩৭তম ম্যাচডে পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত ২২ বছর পর আর্সেনালের হাতে শিরোপা তুলে দিতে হয়েছে সিটিকে।
বিদায়ী বার্তায় গার্দিওলা বলেন, আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ জানতে চাইবেন না। এর নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে আমার মনের গভীর থেকে আমি জানি, এটাই আমার সময়। কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, তাহলে আমি এখানেই থাকতাম। চিরস্থায়ী হয়ে থাকবে অনুভূতিগুলো, মানুষগুলো, স্মৃতিগুলো এবং আমার ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসা।
শিষ্যদের উদ্দেশে তিনি বলেন, খেলোয়াড়রা কখনও ভুলে যেও না-প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, আমি, আমার কোচিং স্টাফ, এই ক্লাব; সবকিছু। আমরা যা করেছি, সবই করেছি তোমাদের জন্য। আর তোমরা ছিলে সত্যিই অসাধারণ। তোমরা হয়তো এখনো বুঝতে পারছ না, কিন্তু তোমরা একটি লিগ্যাসি রেখে যাচ্ছ। তাই যখন আমার সময় শেষের দিকে চলে এসেছে, তখন খুশি থাকো।
গার্দিওলা আরও বলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার ওপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য।
২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন পেপ গার্দিওলা। এরপর ১০ বছরে ক্লাবটিকে এনে দিয়েছেন ২০টি শিরোপা। তার অধীনে ম্যানচেস্টার সিটি জিতেছে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ৩টি এফএ কমিউনিটি শিল্ড এবং ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ।
বিশেষ করে ২০২৩ সালে ট্রেবল জয়ের কীর্তি গড়ে ক্লাবটির ইতিহাসে নিজেকে অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন গার্দিওলা।
আরবিএন