রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন রিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বেলা ৩টার দিকে উত্তর বাড্ডার কামরুলের বিরিয়ানীর দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম জুয়েল মিয়া (৩৮)। আহত হয়েছেন তপন রায় (৪০)।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের বরাত অনুযায়ী, জুয়েল মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদির। বর্তমানে তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় বসবাস করতেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। প্রায় ছয় মাস আগে তিনি তার বোন সাজেদাকে বিয়ে করেন।
স্বজন আজিজুল মিয়া জানান, সকালে রিকশা নিয়ে বের হন জুয়েল। আফতাবনগর এলাকায় ট্রাফিক সার্জেন্ট রিকশাটি আটক করে মামলা দেয় এবং পরে সেটি ডাম্পিংয়ে পাঠানো হয়। পরে দুপুরে ডাম্পিংয়ে থাকা রিকশা থেকে ব্যাটারি খুলে আরেকটি রিকশায় করে কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আফতাবনগর থেকে দুইজন যাত্রী নিয়ে গুলশান-কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন জুয়েল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক জুয়েল ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তপন রায়কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরবিএন