ময়মনসিংহের গফরগাঁওয়ে কাউসার আলম (৪০) নামে এক যুবককে গাছে দুই হাত বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পাগলা থানায় হত্যা মামলা করেছেন।
সূত্রে জানা গেছে, গত ২০ মে বুধবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের শাহকান্দা পুকুর সংলগ্ন একটি ভিটায় এ হত্যাকাণ্ড ঘটে। পরদিন সকালে স্থানীয়রা গাছে বাঁধা অবস্থায় খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত কাউসার আলম দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
নিহতের স্ত্রী জানান, ঘটনার আগের দিন রাত ৮টার দিকে কাউসার বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ হয়নি। নিহতের দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পেশাদার খুনিদের দ্বারা ঘটতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত বিষয়, বিশেষ করে পরকীয়া সংক্রান্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে এবং নিহতের কললিস্ট ও চলাচলের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
/এসএকে