ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ঢাকায় গরু পরিবহনের জন্য বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে কম খরচে, দ্রুত ও নিরাপদে গরু পরিবহন সম্ভব হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সাড়া বেড়েছে।
শুক্রবার (২২ মে) প্রথম ট্রেনটি ইসলামপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৫টি ওয়াগন থাকে এবং প্রতি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যায়, ফলে এক ট্রেনে প্রায় ৪০০টি গরু বহন সম্ভব।
এবার মোট তিনটি ট্রেনের জন্য ৭৫টি ওয়াগন বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১২০০টি গরু ঢাকায় নেওয়া হবে। প্রতি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা, ফলে প্রতি গরু পরিবহনে খরচ প্রায় ৫০০ টাকা পড়ে।
ব্যবসায়ীরা জানান, আগে ট্রাকে গরু পরিবহনে পথে চাঁদা ও ঝামেলা এবং পশুর অসুস্থতার সমস্যা থাকত। এখন ট্রেনে তুলনামূলক কম খরচে ও নিরাপদে পরিবহন সম্ভব হচ্ছে।
ট্রেনটি ইসলামপুর থেকে সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে এবং পথে কোথাও থামবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন,ক্যাটল ট্রেনে পরিবহনের সময় গরু ও এর মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য ২০২০ সালে করোনাকালিন সময় থেকে বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে প্রথম গরু পরিবহনে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেন।
/এসএকে