চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ উদ্দিন সজিব (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার মো. ইউসুফের ছেলে। তিনি সম্প্রতি ওমান থেকে দেশে ফিরে অসুস্থ মায়ের খোঁজ নিতে এসেছিলেন। পারিবারিক সূত্র জানায়, ওই দিন তিনি মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, উল্টো পথে আসা ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হন এবং পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
/এসএকে