মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর -মুজিবনগর সড়কের পিটিআইর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক নয়ন (২২) ও তার বন্ধু জীবন (২১)। নিহত নয়ন সদর উপজেলার খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে ও জীবন একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন কর্মকর্তা শামীম রেজা জানান, নয়ন একটি মোটরসাইকেল যোগে বন্দর থেকে বন্ধু জীবনকে তুলে নিয়ে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি বন্দর মোড় পার হয়ে পিটিআইর সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জীবনকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক জীবনকেও মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সালেহিন কবীর জানান, দু’জনেরই মাথায় গুরুতর আঘাত হয়। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দুটি দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই