বরিশালে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, তবে অভিযানের সময় পালিয়ে গেছে প্রায় আরও ৪০/৫০ জন কর্মী।
শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।
বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সরকার বিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেফতার করা হলেও ৪০/৫০ জনের মত পালিয়ে গেছেন।
গ্রেফতারদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই