বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না হলে দলটি সংসদ ও রাজপথে আন্দোলনে নামবে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি শহরের ইশারা কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কারের প্রশ্নে দ্বিধা ও সংকটে রয়েছে। আগে তারা রাষ্ট্র সংস্কার, গণভোট ও পুনর্গঠনের কথা বললেও এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা এখনও বাস্তবায়ন হয়নি।
জনগণ জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচার চাইলেও এখনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।
/এসএকে