জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
সূত্রে জানা গেছে, সকালে তিনি নিজ বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসএকে