তৃণমূল থেকে হকি খেলোয়াড় তুলে আনতে ‘মিনি টার্ফ’ করার পরিকল্পনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খেলা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে সরকার ছোট ছোট ‘মিনি টার্ফ’ তৈরির পরিকল্পনা গ্রহণ করবে বলে

2026-05-23T19:59:34+00:00
2026-05-23T20:10:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
তৃণমূল থেকে হকি খেলোয়াড় তুলে আনতে ‘মিনি টার্ফ’ করার পরিকল্পনা : ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৮:১০ পিএম
ছবি : সময়ের আলো
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে সরকার ছোট ছোট ‘মিনি টার্ফ’ তৈরির পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (২৩ মে) বিমানবাহিনীর ফ্যালকন হলে সফল নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের হাতে অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে  তিনি সরকারের এই নতুন পরিকল্পনার কথা জানান।  

অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ হকির নানাবিধ সীমাবদ্ধতা, অপর্যাপ্ত টার্ফ ও ব্যয়বহুল সরঞ্জামের বিষয়টি তুলে ধরেন। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার বিকেএসপি নিয়ে বড় পরিসরে কাজ করছে এবং হকিকে দেশব্যাপী ছড়িয়ে দিতেই মিনি টার্ফ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।  

ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী হকি দলকে পুরস্কৃত করা হয়। এই অর্জনের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিওকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা এবং দলের মূল পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও এক লাখ টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। 

পাশাপাশি সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান এবং হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পুরস্কার বিতরণের পাশাপাশি আজ জাপানে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন এবং অফিশিয়াল ফটোসেশন সম্পন্ন হয়। 

আর্থিক সম্মাননা পাওয়ার পর নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল ভবিষ্যতে অলিম্পিক খেলার স্বপ্নের কথা ব্যক্ত করেন এবং কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বিশ্বমঞ্চে দেশের পতাকাকে উঁচিয়ে ধরার প্রত্যয় জানান।

অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে দেশের হকি ও কাবাডি খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। উদাহরণ টেনে তিনি জানান, এখনো কোথাও খেলতে গেলে তিনি নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করেন এবং খেলোয়াড়ী জীবনে প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতেন।

আরবিএন 


  বিষয়:   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  আমিনুল হক  হকি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: