ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে রাজপথে কবিতায় প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

‘আজ চুপ থাকলে, কাল তোমার মেয়েটাও রামিসা হবে’— এমন তীব্র উচ্চারণে কেঁপে উঠেছে গাইবান্ধার রাজপথ। ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত

2026-05-23T21:46:58+00:00
2026-05-23T21:46:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে রাজপথে কবিতায় প্রতিবাদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪৬ পিএম 
ছবি : সময়ের আলো
‘আজ চুপ থাকলে, কাল তোমার মেয়েটাও রামিসা হবে’— এমন তীব্র উচ্চারণে কেঁপে উঠেছে গাইবান্ধার রাজপথ। ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (২৩ মে) সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আবেগঘন প্রতিবাদী আয়োজন ‘তোমার জন্য কাঁদছে বাংলাদেশ’। কবিতা, গান ও বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট রামিসাকে ঘিরে শোক, ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটে সেখানে।

সংগঠনের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার। শুরুতেই বক্তব্য ও কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন। পরে কবিতা ও আবৃত্তিতে অংশ নেন কবি অমিতাভ দাশ হিমুন, গৌতমাশীষ গুহ সরকার, পিটু রশিদ, মোহাম্মদ আমিন, মনির হোসেন সুইট, অঞ্জলী রাণী দেবী ও সোহেল রানা। প্রতিটি কবিতার পঙক্তিতে ছিল প্রতিবাদ, আর প্রতিটি উচ্চারণে ছিল এক শিশুর জন্য গভীর আর্তি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা সভাপতি জিয়াউল হক কামাল, প্রগতি লেখক সংঘের গোলাম রব্বানী মুসা, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, সংগীতশিল্পী মানিক লাল সরকার এবং যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দাশ অভি।

বক্তারা বলেন, রামিসার মতো আর কোনো শিশু বা নারী যেন ধর্ষণ ও হত্যার শিকার না হন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে তারা দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেও সতর্ক করেন তারা।

অনুষ্ঠানজুড়ে রামিসার স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কবি ও বক্তার কণ্ঠ ভারী হয়ে আসে। পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।



  বিষয়:   ধর্ষক  বিচার  দাবি  রাজপথ  কবিতা  প্রতিবাদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: