দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মুরসালিনা ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হুমাইরা আক্তার হিয়া (১০) নামে আরও এক শিশু।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেউলী মুন্সীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিনা ইসলাম শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি গাইনপাড়া গ্রামের মো. মমিনুর ইসলামের মেয়ে। আহত হুমাইরা আক্তার হিয়া ধনগাঁও গ্রামের হাপিকুল ইসলামের মেয়ে। তারা দু’জনই স্থানীয় দেউলী মুন্সীপাড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটি শেষে মুরসালিনা ও হুমাইরা বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মুরসালিনা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় এবং হুমাইরাও আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মুরসালিনার মৃত্যু হয়। আহত হুমাইরাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/এসএকে