কম খরচে নিরাপদ যাত্রা

মুস্তাফিজুর রহমান কাজল, জামালপুর

সারাদেশ

ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে ঢাকায় গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম

2026-05-24T11:40:11+00:00
2026-05-24T11:40:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কম খরচে নিরাপদ যাত্রা
ঈদে ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে ১২০০ গরু
মুস্তাফিজুর রহমান কাজল, জামালপুর
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৪০ এএম 
ছবি : সময়ের আলো
ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে ঢাকায় গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, দ্রুত যাত্রা ও পথে চাঁদাবাজির ঝামেলা এড়াতে গরু ব্যবসায়ীদের কাছে ক্যাটল ট্রেনই একমাত্র ভরসা হয়ে উঠেছে। এরই মধ্যে তিনটি ট্রেনের সব ওয়াগন বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন ইসলামপুর রেলওয়ের স্টেশন মাস্টার শাহীন মিয়া।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৩টায় প্রথম ক্যাটল ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে এবং প্রতিটি ওয়াগনে নেওয়া হবে ১৬টি করে গরু। এতে একটি ট্রেনে ৪০০টি গরু পরিবহন করা সম্ভব হবে। এবার তিনটি ট্রেনে ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২০০ গরু ঢাকায় নেওয়া সম্ভব হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অর্থাৎ একটি গরু পরিবহনে খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। এরই মধ্যে সব ওয়াগন ইসলামপুর থেকে বুকিং দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে ইসলামপুর স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ক্যাটল ট্রেন চালুর পর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শুরুতে মাত্র ১৫টি ওয়াগন ছিল। 

এখন চাহিদা অনেক বেড়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বেশি ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। স্টেশন মাস্টার শাহীন মিয়া আরও বলেন, ইতিমধ্যে সব ট্রেনের ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ট্রেন ছাড়ার পর এটি কোথাও থামবে না। সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।
আরও পড়ুন

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ক্যাটল ট্রেনে পরিবহনের সময় গরু ও এর মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

গরু ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, ট্রেনে পরিবহন ব্যয় যেমন কম, তেমনি পথে হয়রানি ও ঝুঁকিও অনেক কম। কথা হয় ইসলামপুরের গরু ব্যবসায়ী শামীম মিয়ার সঙ্গে। এ সময় তিনি বলেন, আগে ট্রাকে গরু নিয়ে যেতাম। ট্রাকে গরু নিয়ে গেলে পথে পথে চাঁদা দিতে হতো। এ ছাড়া যানজট ও নানা ঝামেলা ছিল। ট্রেনে এসব ঝামেলা নেই। এখন কম খরচে সহজেই গরু ঢাকায় নিতে পারছি।

আরেক ব্যবসায়ী আলী আকবর বলেন, ট্রাকে গরু নিলে অসুস্থ হয়ে যায়। এবার ৬টা গরু ঢাকায় নিয়ে যাব। এতে খরচ অর্ধেকেরও কম হবে। ঝুঁকিও নেই। তাই এখন বেশিরভাগ ব্যবসায়ী ট্রেনেই গরু নিয়ে যাবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় থেকে বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে প্রথম গরু পরিবহনে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করে।

এএডি/


  বিষয়:   কম  খরচ  নিরাপদ  যাত্রা  ঈদ  ক্যাটল ট্রেন  জামালপুর  ঢাকা  গরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: