রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচি থেকে ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম বন্ধের দাবি জানিয়ে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ব্যাংকের এমডি অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করা, দলীয় ও বেআইনি নিয়োগসহ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, এস আলমকে শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়া এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে। মানববন্ধন চলাকালে রাস্তায় পথচারীদের কিছুটা ভিড় তৈরি হলেও ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
সময়ের আলো/জেডি