পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে প্রত্যককে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) রাজধানীর গুলশান-২ নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই উপহারের চেক তুলে দেন। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন এবং তাদের কষ্ট ও শ্রমকে মূল্যায়ন করেন বলেই ধারাবাহিকভাবে এই ঈদ উপহার প্রদান করছেন। ঈদুল আজহায় কোরবানির কারণে পুরো নগরে অতিরিক্ত বর্জ্যের সৃষ্টি হয় এবং এই সময় নগরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাদের ভূমিকাকে সবচেয়ে বড় উল্লেখ করে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সিটি কর্পোরেশনের অন্যতম শক্তি ও অংশীদার হিসেবে অভিহিত করেন।
প্রশাসক আরও বলেন, গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা গড়তে শুধু সিটি কর্পোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে সহযোগিতা করতে হবে।
ঈদ ও বর্ষা মৌসুম সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও পূর্বে দেওয়া রেইনকোট ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি জানান, বৃষ্টির সময় দ্রুত বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান বক্তব্য রাখেন।
সময়ের আলো/জেডি