ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের জন্য প্রথমবারের মতো 'ডিবেটিং ক্লাব'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সাংবাদিকদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা বিকাশের লক্ষ্য নিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি এ ক্লাব চালু করেছে।
রোববার (২৪ মে) বিকেলে ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, যখন কোথাও রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি করা যেত না, তখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাধাহীনভাবে সবাই প্রোগ্রাম করতে পেরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধেও যারা কথা বলতে চান, তাদেরও যেন ডিআরইউ সেই সুযোগটা দেয়, কারণ ভুল ধরিয়ে না দিলে সরকার তা শুধরে নিতে পারবে না। কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সরকারের ভুলগুলো তুলে ধরার অধিকার সবার রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও বিশিষ্ট বিতার্কিক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি করোনাকালে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটির মানবিক ভূমিকার প্রশংসা করেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের যে সাহসী ডাক উঠেছিল, তার অন্যতম সূচনা হয়েছিল ডিআরইউ থেকেই। ছাত্রনেতারা কোথাও কর্মসূচি পালনের সুযোগ না পেয়ে যখন সংকটে ছিলেন, তখন ডিআরইউ তাদের পাশে দাঁড়ায়। সংগঠনটি সবসময় মজলুমের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আশা প্রকাশ করেন, এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যদের যুক্তিবোধ ও সমসাময়িক বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক ও ডিবেটিং ক্লাবের আহ্বায়ক এমএম জসিম।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক জাফর ইকবালসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি