দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ প্রবাহ আরও বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই খাতে অর্থায়ন সহজ ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কটেজ, মাইক্রো, ছোট ও মাঝারি এন্টারপ্রাইজ খাতে ঋণ বিতরণ আরও বৃদ্ধি করতে হবে, যাতে ছোট ও মাঝারি ব্যাবসাগুলোর বিকাশের পাশাপাশি দেশে কর্মসংস্থানও বৃদ্ধি পায়।
বাংলাদেশ ব্যাংক পূর্বে ১৭ মার্চ ২০২৫ তারিখের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাতে রিফাইন্যান্স সুবিধা আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। ব্যাংকগুলোকে এ সুবিধা সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে শ্রেণিবিন্যাসকৃত ঋণের হার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত রাখার যে বাধ্যবাধকতা সেটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) যথাযথ নিয়মে সংরক্ষিত না থাকলেও ব্যাংক অংশগ্রহণ করতে পারবে।
সার্কুলারটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে, ফলে এটি সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলকভাবে কার্যকর। এই সার্কুলারের মাধ্যমে দেশের সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানো, অর্থায়ন সহজ করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা জোরদার করাই মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/জেডি