পার্বত্য মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পার্বত্য অঞ্চলের মানুষের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য

2026-05-24T22:36:55+00:00
2026-05-24T22:36:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পার্বত্য মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৩৬ পিএম 
ছবি : সময়ের আলো
পার্বত্য অঞ্চলের মানুষের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। 

রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।     

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় প্রস্তাবিত দ্বিপাক্ষিক ইস্যুগুলো পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ নতুন করে পুনর্গঠন করা হলে আইএলও’র এই জনকল্যাণমূলক কাজগুলো পরিষদের সাথে সমন্বয় করে আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। মন্ত্রী অতীতে বাস্তবায়িত সকল কার্যক্রমের জন্য আইএলও প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ দিনগুলোতে পার্বত্য অঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধি, কৃষি ও জীবিকার সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্ত্বার মানুষের অধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ফোকাল মিনিস্ট্রি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ধারাবাহিক ও নেতৃত্বস্থানীয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি জানান, আইএলও কনভেনশন নং ১০৭-এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতীয় মানবাধিকার কমিশনের কৌশলগত পরিকল্পনার আলোকে তারা কাজ করে যাচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আইএলও কান্ট্রি ডিরেক্টর উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তোলা, পরিবেশ রক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন এবং নারীদের জন্য উদ্যোক্তা সহায়তার ওপর বিশেষ জোর দেওয়া হবে। জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক অঙ্গীকারের সাথে সংগতি রেখে পার্বত্য চট্টগ্রামে সামাজিক ন্যায়বিচার ও কাজের সুযোগ সৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কৌশলগত অংশীদারিত্ব ও সমন্বয় আরও জোরদার করতে আইএলও আগ্রহী বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।  

উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, আইএলও-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব এএনএম তানজেল আহসান এবং জনাব এলেক্সিয়াস চিকাম উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পার্বত্য মন্ত্রী  আইএলও  প্রতিনিধি দল  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: