কোরবানির জন্য গরু কিনতে গিয়ে মহিষের আক্রমণে রুহুল আমিন(৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় রতন মিয়া(৩০) নামের আরও একজন আহত হয়।
রোববার (২৪ মে) রাজীবপুর উপজেলার পাশ্ববর্তী জালামপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটে এই ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিনের বাড়ি রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর কড়াইডাঙ্গী পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ-এর সন্তান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোববানির জন্য গরু কিনতে সানান্দবাড়ি বাজারে গিয়েছিল রুহুল আমিন। হাটের কৃষ্ণচূড়া মোড়ে পৌঁছলে স্থানীয় দুলাল ব্যাপারী দুটি মহিষ নিয়ে ওই পথে পশুর হাটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি মহিষ ছোটাছুটি শুরু করে হাটের মানুষের উপর আক্রমণ করে। এসময়ে বেশ কয়েকজন আহত হয়। মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহত হয় রুহুল আমিন।
আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিউল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই রুহুল আমিন মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চর আমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো হয়েছে এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিহতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন আমি গবাদিপশু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং পশু পরিবহনের সময় সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জানিয়েছি।
সময়ের আলো/জেডি