আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২৫ জেলার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে অবৈধ সিএনজি ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২৪ মে) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সড়কের দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে দোকান বসানো এবং যানজট সৃষ্টির দায়ে ১০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে চালকদের সড়কে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাদের কাউন্সিলিংও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। অভিযানে র্যাব ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে যানজট কমানো এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জেডি