রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিতে চান ঢাকা জজ কোর্টের তরুণ আইনজীবী হাসানুর রহমান হাসান।
রোববার (২৪ মে) হাসানুর রহমান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু রামিসা হত্যা মামলায় ভিকটিম রামিসার পরিবারের পক্ষে আসামির চূড়ান্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাথে আদালতে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করব বিনা পারিশ্রমিকে ইনশাআল্লাহ।’
হাসান জানান, দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়ায় রায়ের মাধ্যমে এমন কঠোর শাস্তি নিশ্চিত হোক, যা রাষ্ট্র ও সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে। যেন কোনো অপরাধী ভবিষ্যতে এমন অপরাধ থেকে বিরত থাকে এবং সমাজে আইন ও আদালতের প্রতি আরও বেশি আস্থাশীল হয়ে উঠতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে শিশু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।