ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগে বাধ্য হওয়া সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে

2026-05-25T03:08:35+00:00
2026-05-25T03:47:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:০৮ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৩:৪৭ এএম
মো. খুরশীদ আলম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগে বাধ্য হওয়া সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে ব্যাংকটিকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন খুরশীদ আলম। তিনি জানান, প্রথমে বাংলাদেশ ব্যাংক থেকে ফোন পান, পরে আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পৌঁছায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার পরিবর্তনের পর ‘মব জাস্টিসের’ মাধ্যমে খুরশীদ আলমকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণেই তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকার খুরশীদ আলমকে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু একই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনকারী খুরশীদ আলম ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, অফসাইট সুপারভিশন বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এবং সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।

এর আগে রোববার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক এম জুবায়দুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে নতুন চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের জুলাইয়ে এম জুবায়দুর রহমানকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পান।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং নতুন গভর্নর মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এর জেরে চেয়ারম্যান এম জুবায়দুর রহমান অনলাইনে সভায় যুক্ত থাকার শর্তে দেড় মাসের ছুটিতে দেশের বাইরে যান। একইভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাদের ছুটি অনুমোদন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডাকা হলে গ্রাহক ও কিছু কর্মকর্তা নিচে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তারা এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ না করার দাবি জানান এবং চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ চান। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র পাঠান এম জুবায়দুর রহমান।

এদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে নির্ধারিত বোর্ড সভা বাতিল হওয়ায় তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক তাদের সরিয়ে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

ব্যাংকটির আর্থিক অবস্থাও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা, যা ২০২৫ সালে কমে দাঁড়ায় ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে রয়েছে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার মালিকানা ৬৩ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মার্চে ১৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা থাকা প্রায় ৮২ শতাংশ শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে।

/এসএকে


  বিষয়:   ইসলামী  ব্যাংক  চেয়ারম্যান  খুরশিদ  আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: