ঈদুল আজহায় নতুন গান নিয়ে আসছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছরের বিরতির পর ‘লোকে বলে’ শিরোনামের গান নিয়ে আসছেন তিনি। ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতে রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভক্তদের এই সুখবর দিয়েছেন ফারিয়া নিজেই।
ঈদের দিনই গানটি যৌথভাবে এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে অবমুক্ত হবে। গানটির একটি জমকালো মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে, যার কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা বাবা যাদব।
সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। গানের ভিডিওতে নতুন রূপে ধরা দেবেন ফারিয়া। ‘লোকে বলে’ গানের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই অভিনেত্রীর। ফারিয়া জানিয়েছেন, যাদের গান শুনে বড় হয়েছেন, এমন শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের। সেই ভাবনারই একটি বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এই নতুন গানে।
উল্লেখ্য ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের ট্র্যাক দিয়ে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার পর এটি হতে যাচ্ছে ফারিয়ার গাওয়া পঞ্চম একক গান। সম্প্রতি স্টেজ শো নিয়েও ব্যাপক ব্যস্ত সময় পার করছেন এই তারকা।
চলতি মাসে তিনি দুবাইয়ের একটি বড় স্টেজ পারফরম্যান্স শেষ করে দেশে ফিরেছেন। অভিনয় ও উপস্থাপনার বাইরে গান নিয়ে তার এই নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা দর্শক-শ্রোতাদের মাঝে বরাবরের মতোই বাড়তি উন্মাদনা তৈরি করেছে। আসন্ন কুরবানি ঈদের বিনোদনে এই গানটি শ্রোতাদের জন্য সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।
/এসএকে