আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের পাঁচ বিভাগের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
/এসএকে