আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লালপুরের গোসাঁই আশ্রম দখলের চেষ্টার অভিযোগ

লালপুর (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুরে প্রায় দুই শতাব্দীর প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান ‘শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাঁই সৎসঙ্গ সেবা আশ্রম’-এর সম্পত্তি ও পরিচালনা

2026-05-25T09:54:50+00:00
2026-05-25T09:54:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লালপুরের গোসাঁই আশ্রম দখলের চেষ্টার অভিযোগ
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৫৪ এএম 
শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাঁই সৎসঙ্গ সেবা আশ্রম। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে প্রায় দুই শতাব্দীর প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান ‘শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাঁই সৎসঙ্গ সেবা আশ্রম’-এর সম্পত্তি ও পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে আশ্রমের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, প্রধান সেবাইতকে প্রাণনাশের হুমকি এবং বাগানের আম পাড়তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও আশ্রমের নিরাপত্তা চেয়ে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশ্রমের প্রধান সেবাইত।

স্থানীয় সূত্র জানায়, এই আশ্রমের কমিটি গঠন ও দখল নিয়ে বিরোধের ইতিহাস বেশ পুরোনো। এর আগে গত বছরও একই বিরোধের জেরে আশ্রম কমিটির সভাপতিকে মারধর ও আম পাড়াকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল।

আশ্রমের ভক্ত ও স্থানীয় সুধীমহল জানায়, উপজেলার রামকৃষ্ণপুর (নওপাড়া) গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক আশ্রমটির পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। গত বছরের ১৯ মার্চ এই বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার কর্মকারসহ কমিটির বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

এছাড়া, গত বছরের ২০ মে নওপাড়া গ্রামের নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের লিজ নেওয়া আম পাড়তে গেলে প্রতিপক্ষ মিল্টন ও তার লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।


মামলার নথি ও ডিক্রি সূত্রে জানা গেছে, আশ্রমের সম্পত্তি ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় ইতঃপূর্বে সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং-১১৯/৮৮ এবং ২৬৭/১২ করা হয়েছিল। ওই মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে স্পষ্ট ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ (ডিক্রি) প্রদান করেন, যাতে তারা আশ্রমের ধর্মীয় কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি বা হস্তক্ষেপ করতে না পারে।

আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ১৫ মে সকালে আশ্রম চত্বরের ভেতরের বাগান থেকে আম পাড়তে গেলে বিবাদী পক্ষ পুনরায় চড়াও হয়। লালপুর থানায় দায়েরকৃত সর্বশেষ জিডি সূত্রে জানা গেছে, আশ্রমের সভাপতির ওপর হামলার মামলার প্রধান আসামি শ্রী উত্তম মণ্ডল মাস্টার (৪৫) ও তার অনুসারীরা আশ্রমে প্রবেশ করে আম পাড়তে বাধা দেয় এবং আম বাগান বিক্রির টাকা দাবি করে। এতে অসম্মতি জানালে তারা বর্তমান প্রধান সেবাইত শ্রী চিন্ময় চন্দ্র রায়কে (৫৬) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আশ্রম থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উত্তম মণ্ডল বলেন, ওখানে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, আমরা তার বিরুদ্ধে আপিল করেছি এবং সামনে শুনানির তারিখ রয়েছে। আমরা আদালতেই জবানবন্দি দিয়ে আশ্রম পরিচালনা করছি।

তবে আশ্রমের প্রধান সেবাইত শ্রী চিন্ময় চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিবাদী পক্ষ এর আগেও আমাদের কমিটির সভাপতিকে মারধর করেছে, আশ্রমে গুলিবর্ষণ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এখন আবার আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের বাগানের আম পাড়তে দিচ্ছে না, উল্টো আমাকে তুলে নিয়ে গিয়ে খুন করার হুমকি দিচ্ছে। আমরা সাধু-সন্ন্যাসীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

বর্তমান আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার জানান, গোসাঁই আশ্রমের সমস্ত সম্পত্তি আশ্রমের রেকর্ডিং নিজস্ব সম্পত্তি। এখানে অনুমোদিত সেবাইত কমিটি ব্যতীত অন্য কারও এসে দখল বা হস্তক্ষেপ করার কোনো আইনি অধিকার নেই। তিনি অভিযোগ করেন, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উত্তম কুমার মণ্ডল বিভিন্ন সময়ে বর্তমান কমিটিকে কার্যক্রম পরিচালনায় বাধা দিচ্ছেন এবং আশ্রম দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সেবাইতকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোসাই আশ্রমের মতো একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত এই সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান দাবি করেছেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   আদালত  নিষেধাজ্ঞা  লালপুরের গোসাঁই আশ্রম  দখলের চেষ্টা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: