চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে ঘাটে ভিড়তে গিয়ে

2026-05-25T16:49:55+00:00
2026-05-25T16:49:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৪৯ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়। 

সংঘর্ষের ধাক্কায় ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এতে হুড়োহুড়ির সৃষ্টি হলে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড়ে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নৌ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে নামার সময় কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া লঞ্চ ও পন্টুনে পড়ে থাকা যাত্রীদের মালামাল তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। 

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছুসময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। প্রচণ্ড ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে আসার পর যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমও শুরু করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   চাঁদপুর  কালবৈশাখী  তাণ্ডব  লঞ্চের সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: