চাকরি দেওয়ার নামে প্রতারণা, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার

2026-05-25T17:33:43+00:00
2026-05-25T23:50:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১১:৫০ পিএম
কেরানীগঞ্জের র‍্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো প্রতিনিধি
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন— চক্রের মূলহোতা মো. তারেক সরকার (৪০) এবং তার সহযোগী পলাশ কবির (৪২)। 

আজ সোমবার (২৫ মে) দুপুরে কেরানীগঞ্জের র‍্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, মূলহোতা তারেক সরকার মূলত একজন চাকরিচ্যুত সেনাসদস্য। ২০০৬ সালে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরবর্তীতে তথ্য গোপন করে তিনি কারা অধিদপ্তরে চাকরি নেন এবং সেখানে ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। কারা বিভাগে চাকরি করার সুবাদে বিভিন্ন অপরাধীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরবর্তীতে একটি বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে তিনি কারা অধিদপ্তর থেকেও চাকরিচ্যুত হন। 
দীর্ঘদিন সরকারি দপ্তরে চাকরি করার সুবাদে সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা ও দাপ্তরিক ভাষা সম্পর্কে সম্যক ধারণা থাকায় চাকরি হারানোর পর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পুরোদমে প্রতারণা শুরু করেন। গত প্রায় ছয় বছর ধরে তিনি এই চক্র চালিয়ে আসছিলেন।

অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, তারেক সরকার বিভিন্ন 'ভিআইপি' মোবাইল সিম সংগ্রহ করে সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতেন। এরপর সাধারণ মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক স্বীকার করেছেন যে, প্রতারণার মাধ্যমে তিনি প্রায় এক থেকে দেড় কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন।

র‍্যাব-১০ অধিনায়ক আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার (২৪ মে) নরসিংদী সদরের সংগীতা মোড় থেকে তারেক সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ফটোশপে এডিট করা একটি বাঁধাই করা ছবি জব্দ করা হয়। এই ছবি দেখিয়েই তিনি সাধারণ মানুষের মনে বিশ্বাস স্থাপন করাতেন।

পরবর্তীতে তারেক সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তার সহযোগী পলাশ কবিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চাকরি  প্রতারণা  সাবেক সেনা সদস্য  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: