যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এনসিপির মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন নৈরাজ্য ও তীব্র যানজটের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2026-05-25T19:25:15+00:00
2026-05-25T19:25:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এনসিপির মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:২৫ পিএম 
বাঁশখালী উপজেলা পরিষদের সামনে এনসিপির উদ্যোগে মানববন্ধন। ছবি : সময়ের আলো প্রতিনিধি
চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন নৈরাজ্য ও তীব্র যানজটের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৫ মে) বিকেলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী হয়রানি বন্ধ, গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যানজট নিরসন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধের দাবিতে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

জাতীয় নাগরিক পার্টি বাঁশখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দলীয় নেতাকর্মী, সচেতন ছাত্রসমাজ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। 

মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জাওয়াদুল করিম বলেন, ‘ঈদ এলেই বাঁশখালী রুটের পরিবহন সেক্টরে এক চরম নৈরাজ্য তৈরি হয়। অসাধু সিন্ডিকেট সাধারণ যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করছে। এর পাশাপাশি চানপুর, গুনাগরি, মিয়ারবাজার এবং চাম্বল বাজারে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট লেগে থাকে। ট্রাফিক ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারির অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।’

তিনি হুঁশিয়ারি দেন যে, ঈদে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর গাড়ি নামিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

নিরাপদ সড়ক আন্দোলন বাঁশখালী শাখার সভাপতি এইচ এম আব্বাস খাঁন অভিযোগ করে বলেন, ‘প্রশাসন মইজ্জারটেক ও শহরকেন্দ্রিক সিএনজিগুলোর কাছ থেকে মাসিক টোকেন বাণিজ্য করে তাদের যাত্রী নেওয়ার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে বাঁশখালী থেকে যাওয়া সিএনজিগুলোকে আইন দেখিয়ে আটক ও মামলা দেওয়া হচ্ছে। বাঁশখালীর গাড়িগুলোকে মইজ্জারটেকে আসতে না দিলে সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে? গাড়ি সংকটের এই সুযোগে শহরকেন্দ্রিক গাড়িগুলো কৃত্রিম সংকট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে।’ তিনি অবিলম্বে এই সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মাশফিকুর রহমান এবং বাঁশখালী শাখার প্রধান সমন্বয়ক সাকিবুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, ‘ভাড়ার নামে এই প্রকাশ্য ডাকাতি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যান্য উপজেলার মানুষ যেখানে আনন্দের সাথে ঈদে বাড়ি ফেরে, সেখানে বাঁশখালীর মানুষ ফেরে বুকভরা বেদনা নিয়ে। প্রশাসনকে এই দুর্ভোগ লাঘবে দ্রুত 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সংগঠক মুহাম্মদ তাওহীদুল ইসলাম, বাঁশখালী উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল আলীম ও মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে প্রতিটি স্টেশনে ভাড়ার তালিকা প্রদর্শন, তৈলারদ্বীপ সেতুতে সার্বক্ষণিক স্পেশাল মোবাইল কোর্ট পরিচালনা, গুনাগরি-মিয়ারবাজার-চাম্বল বাজারে নির্দিষ্ট 'পিক-অ্যান্ড-ড্রপ জোন' নির্ধারণ, বিশেষ ট্রাফিক স্কোয়াড গঠন এবং বেপরোয়া ওভারটেকিং ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের জোর দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্মারকলিপিটি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং ঈদের এই সময়ে সর্বসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যাত্রী হয়রানি  প্রতিবাদ  এনসিপি  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: