লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা, হাজিদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয়

পবিত্র হজের প্রথম দিনে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদির ঐতিহাসিক তাঁবুর শহর মিনা প্রান্তর। সোমবার (২৫ মে)

2026-05-25T19:34:45+00:00
2026-05-25T20:05:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হজের প্রথম দিন
লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা, হাজিদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৮:০৫ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র হজের প্রথম দিনে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদির ঐতিহাসিক তাঁবুর শহর মিনা প্রান্তর। সোমবার (২৫ মে) সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। 

এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশী হজযাত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শরিয়তের বিধান অনুযায়ী, গত রোববার রাত ১০টার পর থেকেই হাজিরা মিনার উদ্দেশে মক্কা ছাড়তে শুরু করেন। হাজিরা আজ সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। 

মিনায় রাত্রিযাপন শেষে আগামীকাল মঙ্গলবার সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে হজের প্রধান খুতবা শুনবেন এবং একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবারের হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাকেই মূলত হজ বলা হয়ে থাকে।

মঙ্গলবার সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন বুধবার সূর্যোদয়ের আগে তারা আবারও মিনায় ফিরে গিয়ে বড় জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন। 

এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মিনা ত্যাগ করবেন। ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় বাংলাদেশী হাজিদের জন্য উপহার হিসেবে পাঁচ হাজার প্যাকেট উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

এ বছর অনুমতিপত্র ছাড়া কেউ যেন অবৈধভাবে হজ পালন করতে না পারে, সে বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। মিনায় আসার পথে বিভিন্ন স্থানে কড়া তল্লাশি করা হয়েছে এবং প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক’ কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 

এছাড়া তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাজিদের তাঁবুর ভেতরে থাকার অনুরোধ করেছে সৌদি প্রশাসন। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা, ছাতা ব্যবহার করা এবং বেশি বেশি পানি ও তরল খাবার গ্রহণের জন্য সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: